ময়মনসিংহে ইমাম সম্মেলনে কমিশনারের শান্তি ও সম্প্রীতির আহ্বান
বুধবার, ১০ জুন, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেছেন, সমাজে ইমাম, হাফেজ ও আলেমদের মর্যাদা অত্যন্ত উচ্চ।
তারা ধর্মীয় জ্ঞান ও নৈতিক শিক্ষার মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালিত করেন। তাই সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (৯ জুন) সকালে ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত “প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণের বিভাগীয় সম্মেলন-২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরও বলেন, ইসলাম কখনোই বিশৃঙ্খলা, হানাহানি বা বিভেদকে সমর্থন করে না। মতভেদ থাকলেও তা যেন কোনোভাবেই সংঘাত বা সহিংসতার কারণ না হয়—এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন মতাদর্শের আলেমদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বর্তমান বিশ্বে ইসলামবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে বলেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার নানা চেষ্টা চলছে। এসব অপচেষ্টা মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকা এবং কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা জরুরি।
ইমামদের জীবনযাত্রার বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেও তারা ধর্মীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে প্রশাসন অবগত হলে সাধ্যের মধ্যে সহযোগিতা করা হবে। পাশাপাশি মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, প্রশিক্ষণ সুবিধা এবং কল্যাণমূলক কার্যক্রমে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সরকারের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে জনগণকে সচেতন করার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়ে ধর্মীয় নেতাদেরও নজর রাখা উচিত।
অনুষ্ঠানের শেষে তিনি বলেন, সরকার ধর্মীয় প্রতিষ্ঠান ও ইমামদের কল্যাণে যথাসাধ্য কাজ করতে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রশাসন ও ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. হাবেজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত ডিআইজি মো. আবু বকর সিদ্দীক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সালমা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
১২৯ বার পড়া হয়েছে