গফরগাঁওয়ে কলেজছাত্র নাহিয়ান রবিনকে কুপিয়ে হত্যা
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নাহিয়ান রবিন (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার পৌরশহরের মাজার রোড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাহিয়ান রবিন স্থানীয় সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং রাজমিস্ত্রী মোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ডাকবাংলো চত্বরে বন্ধুদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন রবিন। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১২টার দিকে বন্ধু মাসুমের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে মাজার রোড মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৬-৭ জন মুখোশধারী তাদের পথরোধ করে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা প্রথমে রবিন ও মাসুমের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এতে তারা দিশেহারা হয়ে পড়লে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রবিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় মাসুম কোনোভাবে পালিয়ে প্রাণে বাঁচলেও রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন রবিন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।
রবিনের বন্ধু মাসুম জানান, হঠাৎ কয়েকজন অস্ত্রধারী তাদের ওপর হামলা চালায়। মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ায় তারা পরিস্থিতি বুঝে ওঠার আগেই হামলার শিকার হন।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা মোফাজ্জল হোসেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আতিকুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
১২১ বার পড়া হয়েছে