সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ স্থগিত, ১৬ জুন শুনানি
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৭:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের আবেদনের পর মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় কার্যকর থাকবে না। একই সঙ্গে আপিল আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৬ জুন দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত বছরের ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রায়ে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দেন।
রায়ে বলা হয়েছিল, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশও দেওয়া হয়।
পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল আবেদন করে এবং রায় স্থগিতের আবেদন জানায়। এরই পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন।
আইন বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের প্রশাসনিক স্বাধীনতা ও বিচার বিভাগের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
১২৩ বার পড়া হয়েছে