বাংলাদেশ সীমান্তে পুশইন বন্ধে ভারতের প্রতি কঠোর বার্তা ঢাকার
সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশে নিয়ম না মেনে ভারতীয় সীমান্ত দিয়ে “পুশইন” বা জোরপূর্বক মানুষ পাঠানোর ঘটনা গ্রহণযোগ্য নয় বলে কঠোর অবস্থান জানিয়েছে ঢাকা।
এই ধরনের কার্যক্রম বন্ধে ভারতকে ইতোমধ্যে ১২ থেকে ১৩টি কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, তাদের ফেরত পাঠানোর জন্য একটি নির্ধারিত ও বৈধ প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
তিনি আরও জানান, নিয়ম বহির্ভূতভাবে সীমান্ত দিয়ে মানুষ ঠেলে পাঠানোর ঘটনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক ও উন্নয়নমুখী করার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ-ভারত সীমান্তে এমন ঘটনার বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অনুপ্রবেশ বা পুশইন প্রতিহত করা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর পুশইন চেষ্টা ঠেকাতে সক্রিয় রয়েছে বিজিবি। শক্ত অবস্থানের কারণে সীমান্তে জড়ো করা কিছু ব্যক্তিকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ বলে জানা গেছে।
১৮৮ বার পড়া হয়েছে