মাগুরার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
সোমবার, ৮ জুন, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরার সার্বিক উন্নয়ন এবং তৃণমূল পর্যায় থেকে জাতীয় মানের সংস্কৃতি কর্মী গড়ে তোলার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে জেলা প্রশাসন।
একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সমন্বিত উন্নয়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত প্রথম মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের কাছ থেকে মতামত শোনেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সাংবাদিক রূপক আইচ, অমিত কুমার মিত্র, আবু বাসার আখন্দসহ অন্যান্য সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা, শিক্ষা খাতের সমস্যা এবং সামগ্রিক উন্নয়ন সম্ভাবনা তুলে ধরেন। জবাবে জেলা প্রশাসক বলেন, সকল সরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাগুরার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বলেন, রাজধানীকেন্দ্রিক সংস্কৃতি চর্চার বাইরে গিয়ে মাগুরা ও আশপাশের গ্রামাঞ্চল থেকে প্রতিভাবান সংস্কৃতি কর্মীদের তুলে আনার উদ্যোগ নিতে হবে।
এছাড়া তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সরকারের বিভিন্ন দপ্তরের অনিয়ম ও অসংগতি বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের কল্যাণে রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।
১৩৭ বার পড়া হয়েছে