চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন
সোমবার, ৮ জুন, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের জন্য সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রায় ১ হাজার রোগীর চোখে লেন্সসহ ছানি অপারেশন করা হবে।
সোমবার সকালে শহরের শাহনেয়ামতুল্লাহ ইয়াতিমখানা প্রাঙ্গণে আয়োজিত চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি ডা. ময়েজ উদ্দিন।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে এবং দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সহযোগিতায় এ বিশেষ চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন এবং লেন্স স্থাপনের সুবিধা দেওয়া হবে।
আয়োজকরা জানান, অপারেশনের পাশাপাশি রোগীদের ওষুধ, চিকিৎসাকালীন থাকা-খাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ও বহন করা হবে। দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করছে।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন বলেন, অর্থাভাবে যারা দীর্ঘদিন চোখের অপারেশন করাতে পারছিলেন না, তাদের জন্য এই উদ্যোগ অত্যন্ত সহায়ক হবে।
সমিতির সভাপতি প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে প্রতিদিন প্রায় ১০০ জন রোগীর ছানি অপারেশন করা হবে। দরিদ্র ও অসহায় মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
১৩৩ বার পড়া হয়েছে