রূপগঞ্জে এনসিপির উৎসবে হামলায় আহত ১০; বিএনপিকে কড়া বার্তা নাসিরের
শনিবার, ৬ জুন, ২০২৬ ১২:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি ফল উৎসবকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে বিএনপির উদ্দেশে কড়া বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সভা-সমাবেশে হামলা, ভাঙচুর কিংবা বাধা সৃষ্টি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফল উৎসব উপলক্ষে কয়েকদিন ধরে অনুষ্ঠানস্থলে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছিল। শুক্রবার সন্ধ্যায় একদল ব্যক্তি এসে মঞ্চ ও প্যান্ডেলের কিছু অংশ ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। পরে প্রশাসনের সহযোগিতায় পুনরায় প্রস্তুতির কাজ শুরু হয়।
এনসিপির দাবি, শনিবার বিকেলে পুনরায় মঞ্চ প্রস্তুতের সময় মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় মঞ্চ, চেয়ার-টেবিল ও প্যান্ডেলের বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। ঘটনায় রূপগঞ্জ উপজেলা ও জেলা পর্যায়ের একাধিক নেতাকর্মীসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, হামলার সঙ্গে ছাত্রদলের কিছু নেতাকর্মী জড়িত ছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ বলেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
এদিকে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
১৪৪ বার পড়া হয়েছে