কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
শনিবার, ৬ জুন, ২০২৬ ৩:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মদিনা পরিবহনের একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতির আগেই বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল ত্যাগ করেন।
মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “নিহত দুই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
১৬১ বার পড়া হয়েছে