তীব্র গরমে চাঁপাইনবাবগঞ্জে একসঙ্গে পেকে যাচ্ছে আম, বাজারে দামে সাময়িক ধসেও আশাবাদী কৃষি বিভাগ
শনিবার, ৬ জুন, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অন্যতম প্রধান আম উৎপাদন এলাকা চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা। হঠাৎ করে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গাছে একসঙ্গে আম দ্রুত পেকে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে কৃষকরা একই সময়ে বাজারে আম বিক্রি করতে নামছেন, এতে করে সাময়িকভাবে বাজারে সরবরাহ বেড়ে গিয়ে দাম কিছুটা কমে গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে বিভিন্ন জাতের আমের দাম নিম্নরূপ— গোলাপভোগ প্রতি মণ ২০০০ থেকে ২৫০০ টাকা, জনপ্রিয় ক্ষিরসাপাত বা হিমসাগর ১৬০০ থেকে ২২০০ টাকা, ল্যাংড়া ১৩০০ থেকে ১৫০০ টাকা এবং গুটি আম ৬০০ থেকে ৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াসিন আলী জানিয়েছেন, জেলায় এবার মোট ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। গত বছর এ জেলায় প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার আম বিক্রি হয়েছিল। তবে এবারও ফলন ভালো হওয়ায় বাজারে সাময়িক দামের চাপ থাকলেও সার্বিকভাবে বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী কৃষি বিভাগ।
কৃষক ও ব্যবসায়ীরা মনে করছেন, আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে এবং দেশের অন্যান্য জেলায় আমের সরবরাহ বাড়লে বাজারে আবারও দাম স্থিতিশীল হবে এবং তারা লাভের মুখ দেখবেন।
২১৮ বার পড়া হয়েছে