কাচারিঘাটে ব্রহ্মপুত্রের বুকে রফিকের চায়ের আড্ডা, শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন তিনি
শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৬:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ নগরীর কাচারিঘাটে ব্রহ্মপুত্র নদের বালুচরে গড়ে ওঠা ছোট্ট চা স্টল এখন অনেকের কাছেই পরিচিত এক আড্ডাস্থল। প্রতিদিন শহরের নানা বয়স ও পেশার মানুষ এখানে ভিড় করেন মো. রফিকুল ইসলাম রফিকের হাতের তৈরি চা উপভোগ করতে। চায়ের সঙ্গে জমে ওঠে আড্ডা, গল্প আর জীবনের নানা আলোচনার আসর।
শুধু একজন চা বিক্রেতা হিসেবে নয়, তরুণ রফিক নিজেকে পরিচিত করেছেন শ্রমজীবী মানুষের প্রতিনিধি ও তাদের অধিকার নিয়ে সোচ্চার একজন কণ্ঠস্বর হিসেবে। কাচারিঘাটের এই উন্মুক্ত চা স্টলকে ঘিরে প্রতিদিনই তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ, যা চলতে থাকে রাত পর্যন্ত।
ঋষিপাড়ায় বসবাসকারী রফিক প্রতিদিন ব্রহ্মপুত্র নদ পেরিয়ে কাচারিঘাটে এসে তার চা স্টল পরিচালনা করেন। নদপাড়ের শ্রমজীবী মানুষের দুঃখ-কষ্ট, সংগ্রাম ও জীবনযাপনের বাস্তবতা খুব কাছ থেকে দেখেই তার মধ্যে তৈরি হয়েছে সমাজ ও মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা। সেই ভাবনা থেকেই তিনি শ্রমজীবী মানুষের অধিকার ও জীবনমান উন্নয়নের কথা নিয়মিতভাবে তুলে ধরেন।
চা স্টলের আড্ডায় রফিকের চিন্তা ও মতামত অনেক সময়ই উঠে আসে আলোচনায়। তিনি বিশ্বাস করেন, সমাজে ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার জন্য সাধারণ মানুষের সংগঠিত হওয়া জরুরি।
জীবিকার পাশাপাশি রফিক সাংগঠনিক কাজেও সক্রিয়। তিনি ময়মনসিংহের গণসাংস্কৃতিক সংগঠন ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’-এর সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’ এবং প্রত্নতাত্ত্বিক সংগঠন ‘পুরাকীর্তি সুরক্ষা কমিটি’-তেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
গণসাংস্কৃতিক ধারার বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে তিনি সমাজ, দেশ ও মানুষের পক্ষে শক্ত অবস্থান জানান দিচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা।
১৩৯ বার পড়া হয়েছে