বিদ্যুৎ ও তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
শুক্রবার, ৫ জুন, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (বিকেল ৫টা ৩০ মিনিটে) নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে তীব্র সমালোচনা করে বলেন, বর্তমানে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম চাপের মধ্যে রয়েছে। এ অবস্থায় জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানো জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
তারা আরও বলেন, বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেমন জেলা পরিষদ ও সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে জনগণের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। বক্তাদের অভিযোগ, এসব প্রশাসক দলীয় স্বার্থে কাজ করছেন এবং বিভিন্ন শিক্ষা ও আর্থিক প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।
সমাবেশে নেতারা সতর্ক করে বলেন, জনগণের স্বার্থ উপেক্ষা করে কোনো ধরনের দখলদারিত্ব বা দলীয়করণ চলতে থাকলে তার পরিণতি ভালো হবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।
এছাড়াও বক্তব্য রাখেন নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল ও শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
২৪৯ বার পড়া হয়েছে