কুড়িগ্রামে প্রস্তাবিত বাণিজ্য মেলা স্থগিতের দাবি, প্রধানমন্ত্রীর কাছে আবেদন
বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ ১:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামে প্রস্তাবিত বাণিজ্য মেলা স্থগিত বা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে একটি সামাজিক সংগঠন।
একই সঙ্গে মেলা আয়োজনের অনুমোদন প্রক্রিয়া, আয়োজক নির্বাচন এবং সংশ্লিষ্ট আর্থিক বিষয়াদি তদন্তের দাবিও জানানো হয়েছে।
জানা গেছে, সম্প্রতি কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবুর স্বাক্ষরিত এক আবেদনে এসব দাবি উত্থাপন করা হয়। আবেদনের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, কুড়িগ্রাম দেশের অন্যতম দুর্যোগপ্রবণ জেলা। প্রতিবছর বন্যা, নদীভাঙন, দারিদ্র্য ও বেকারত্বের মতো বিভিন্ন সমস্যার মুখোমুখি হন জেলার মানুষ। সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণ ও নদীভাঙনের কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কৃষি খাতে ক্ষয়ক্ষতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাবেও সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে রয়েছে।
এ অবস্থায় বাণিজ্য মেলার আয়োজনকে সময়োপযোগী নয় বলে দাবি করেন আবেদনকারীরা। তাদের মতে, জেলার মানুষের বর্তমান প্রয়োজন নদীভাঙন প্রতিরোধ, কৃষি পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য কার্যকর সহায়তা নিশ্চিত করা।
আবেদনে আরও বলা হয়, অতীত অভিজ্ঞতায় এ ধরনের মেলা থেকে স্থানীয় অর্থনীতি বা ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রত্যাশিত সুবিধা পান না বলে অনেকের ধারণা রয়েছে। পাশাপাশি মেলার সময় সামাজিক বিভিন্ন সমস্যার বিস্তারের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে প্রস্তাবিত বাণিজ্য মেলার অনুমোদন পুনর্বিবেচনা, অনুমোদন প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত, অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আইনশৃঙ্খলা ও সামাজিক প্রভাব মূল্যায়ন এবং জেলার প্রকৃত সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু বলেন, জেলার মানুষ বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাই এই সময়ে মেলার পরিবর্তে মানুষের মৌলিক সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।
অন্যদিকে, মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, কুড়িগ্রামের মানুষের জন্য একটি সুস্থ, নিরাপদ ও পরিবারবান্ধব বিনোদনের পরিবেশ তৈরি করাই মেলার মূল উদ্দেশ্য। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের সুযোগ এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করাও তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, আগামী ২০ জুনের মধ্যে মেলার আয়োজন সম্পন্ন করার প্রস্তুতি চলছে। মেলা পরিচালনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেন বা ভাগাভাগি সংক্রান্ত যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, মেলার সব কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ করেই পরিচালিত হবে।
১৬২ বার পড়া হয়েছে