কুড়িগ্রামে টানা তাপদাহে জনজীবন বিপর্যস্ত, ডায়রিয়াসহ রোগবালাই বৃদ্ধি
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় টানা সাত দিন ধরে মৃদু তাপদাহ অব্যাহত রয়েছে। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার কারণে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে।
বৃহস্পতিবার (আজ) কুড়িগ্রাম ও আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে এ অঞ্চলের তাপমাত্রা ৩৫ দশমিক ৫ থেকে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এই তাপদাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অস্বাভাবিক গরমের কারণে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। কুড়িগ্রাম ডায়রিয়া বিভাগে সকাল থেকে ১২ জন শিশু নতুন করে ভর্তি হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত গরম ও পানিশূন্যতার কারণে এ ধরনের রোগ বাড়ছে।
তীব্র গরমে কুড়িগ্রামের সাধারণ মানুষ দুর্বিষহ সময় পার করছেন। শহরের অধিকাংশ বাসিন্দা জানান, প্রচণ্ড গরমের কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
দিনমজুর ও ছিন্নমূল মানুষরা জানান, তারা সকালে কাজের খোঁজে বের হলেও দুপুরের পর তীব্র গরমে কাজ করা সম্ভব হচ্ছে না। ফলে আয়-রোজগারেও প্রভাব পড়ছে।
দুপুরের দিকে শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, পথচারীরাও বাইরে চলাচল এড়িয়ে চলছেন।
এরই মধ্যে ভুরুঙ্গামারী উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া নাগেশ্বরী উপজেলায় বজ্রপাতে দুটি গরুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তীব্র গরমের কারণে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীর চাপ বেড়েছে। ডায়রিয়া, জ্বরসহ বিভিন্ন গরমজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন।
১৫৪ বার পড়া হয়েছে