শাহজাদপুরে যমুনা ও করতোয়া নদী থেকে স্কুলছাত্র ও বৃদ্ধার মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ ৭:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় যমুনা ও করতোয়া নদী থেকে এক স্কুলছাত্র ও এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ১৪ বছর বয়সী স্কুলছাত্র তামিম হোসেন। তিনি লস্কর আলী মোল্লার ছেলে। বুধবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।
পরে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রথম দিনের অভিযানে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় অভিযান চালানো হলে দুপুর দেড়টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের বাসিন্দা শতবর্ষী মায়া রানী শীল (১০০) গত ২ জুন করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। তিনি বিষ্টপদ শীলের স্ত্রী।
পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ডুবুরি দল দীর্ঘ সময় অভিযান চালালেও প্রথমে তাকে পাওয়া যায়নি।
পরবর্তীতে বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ শ্মশানঘাট এলাকার করতোয়া নদীর তীরে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, দুটি মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
১৪৬ বার পড়া হয়েছে