ফিফা বিশ্বকাপ সম্প্রচার জটিলতার অবসান, শিগগিরই আসতে পারে চূড়ান্ত ঘোষণা
বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ ৬:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বাংলাদেশে সরাসরি সম্প্রচার নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে সম্প্রচার স্বত্ব সংক্রান্ত আলোচনা ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ফিফার কাছে প্রয়োজনীয় অনুমোদনের জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। অনুমোদন পাওয়া সাপেক্ষে আগামী এক-দুই দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এর আগে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতা সৃষ্টি হয়। সরকার শুরু থেকেই জানিয়ে দেয় যে, ২০২২ সালের মতো বিপুল অর্থ ব্যয় করে সম্প্রচার স্বত্ব কেনা হবে না। পরবর্তীতে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে নতুন করে উদ্যোগ নেওয়া হয়।
জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা এবং বাফুফের প্রতিনিধিরা সম্প্রচার স্বত্বের আর্থিক কাঠামো নির্ধারণে বিভিন্ন টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক বৈঠক করেন। এসব আলোচনার ভিত্তিতে সম্প্রচার ব্যয় ভাগাভাগি ও বাণিজ্যিক ব্যবস্থাপনার বিষয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।
বিশ্বকাপ সম্প্রচারের প্রযুক্তিগত সক্ষমতার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। ফিফার নির্ধারিত End-to-End Encryption সুবিধা থাকা কয়েকটি স্যাটেলাইট চ্যানেলের মধ্যে টি-স্পোর্টস, নাগরিক টিভি, জিটিভি ও মাছরাঙা টেলিভিশনের নাম আলোচনায় এসেছে। প্রযুক্তিগত প্রস্তুতি এবং আগ্রহের কারণে টি-স্পোর্টস সম্প্রচার অংশীদার হিসেবে এগিয়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
তবে ফিফা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদন ও ঘোষণার পরই সম্প্রচারকারী প্রতিষ্ঠানের নাম এবং সম্প্রচার ব্যবস্থাপনা সম্পর্কে চূড়ান্ত তথ্য জানা যাবে।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশের কোটি কোটি দর্শকের আগ্রহের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
১৬২ বার পড়া হয়েছে