বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা
বুধবার, ৩ জুন, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের বাস্কেটবল অবকাঠামোর উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের উডেন (কাঠের) বাস্কেটবল কোর্ট।
মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা আধুনিক এই কোর্ট পরিদর্শন করেন।
পরিদর্শন দলে ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) এবং বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের প্রধান কোচ ম্যাকক্যামন উইলিয়াম ফ্রেজার।
এ সময় তাদের স্বাগত জানান বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মোহাম্মদ মহসিনুল করিম। তিনি জানান, জাতীয় দলের খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক মানসম্পন্ন এই কোর্টকে নিয়মিত অনুশীলনের জন্য ব্যবহার করার আগ্রহ প্রকাশ করেছেন ফেডারেশনের কর্মকর্তারা।
পরিদর্শনকালে অতিথিরা কোর্টের আধুনিক অবকাঠামো, বিশ্বমানের উডেন ফ্লোর এবং খেলোয়াড়বান্ধব পরিবেশের প্রশংসা করেন। তাদের মতে, এ ধরনের সুবিধা দেশের বাস্কেটবল খেলাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফেডারেশনের কর্মকর্তারা ভবিষ্যতে এই ভেন্যুতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনার কথাও তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, আধুনিক এই ক্রীড়া অবকাঠামো দেশের খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করবে।
সংশ্লিষ্টদের মতে, বসুন্ধরা স্পোর্টস সিটির মতো আন্তর্জাতিক মানের ক্রীড়া সুবিধা দেশের বাস্কেটবল উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তরুণ খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
১৮৮ বার পড়া হয়েছে