রামিসা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু, ন্যায়বিচার প্রত্যাশা পরিবারের
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার প্রথম সাক্ষী হিসেবে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সাক্ষ্য দেন।
আদালতে উপস্থিত হয়ে তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় কয়েকজন সাক্ষী।
সকালে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং অপর আসামি স্বপ্না খাতুনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণের সময় তাদের আদালতে তোলা হয়।
এর আগে সোমবার একই ট্রাইব্যুনাল দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য ১৭ জন সাক্ষীকে সমন জারি করা হয়েছে।
গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর সোহেল রানা ও স্বপ্না খাতুনকে আটক করা হয়। পরে রামিসার বাবা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
আদালত সূত্র জানিয়েছে, মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
১৬০ বার পড়া হয়েছে