১শ' কিলোমিটার হেঁটে বিশ্ব রেকর্ডের দাবি শেখর চন্দ্র বোধের
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৫:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের বাসিন্দা শেখর চন্দ্র বোধ টানা পায়ে হেঁটে ১০০ কিলোমিটার পথ অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়ার দাবি করেছেন।
এ উপলক্ষে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি ৪৫ ঘণ্টার মধ্যে এই দূরত্ব সম্পন্ন করেন।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, শেখর চন্দ্র বোধ গত ৩০ এপ্রিল ২০২৬ ভোর ৫টা ৩০ মিনিটে সিলেট নগরের কোর্ট পয়েন্ট (সুরমা পয়েন্ট) থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে তিনি প্রায় দুই ঘণ্টা বিরতি নেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে মোট ১০০ কিলোমিটার পথ অতিক্রম করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার এই পথচলা পর্যবেক্ষণ করে স্পেনভিত্তিক ‘অফিসিয়াল ওয়ার্ল্ড রেকর্ড (ওডব্লিউআর)’ কর্তৃপক্ষ তাকে অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি তার এই অর্জন ওডব্লিউআর-এর বিশ্ব ডাটাবেসে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
শেখর চন্দ্র বোধের বাড়ি সিলেট শহরতলীর টিলাগড় এলাকার গোপালটিলা (কলেজ রোড) এলাকায়। তার এই অর্জনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে বিশ্ব রেকর্ড সংক্রান্ত দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাধীন যাচাইয়ের তথ্য সংবাদমাধ্যমের কাছে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
১৭০ বার পড়া হয়েছে