জীবননগরে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত শ্যালক
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৩:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর শ্যালক আবু বক্কর সিদ্দিক আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১ জুন) সন্ধ্যায় জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবু বক্কর সিদ্দিক জানান, কুষ্টিয়া থেকে এমপি আমির হামজা একটি গাড়িতে এবং তিনি তাঁর বোনসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে পৃথক একটি গাড়িতে জীবননগরের উদ্দেশ্যে রওনা দেন। পথে হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির সামনে এসে গতিরোধ করে।
তিনি বলেন, কয়েকবার হর্ন দেওয়ার পরও ইজিবাইকটি রাস্তা না ছাড়ায় গাড়িচালক নিচে নেমে চালকের সঙ্গে কথা বলেন। পরে ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে এ সময় বিপরীত দিক থেকে কয়েকজন ব্যক্তি এসে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
আবু বক্কর সিদ্দিকের দাবি, তিনি নিজেকে সংসদ সদস্য আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দেওয়ার পর হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে ওঠে এবং তাকে মারধর করে। এতে তিনি মুখে আঘাত পান।
তবে ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, সংসদ সদস্য আমির হামজার ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তাঁর শ্যালকের গাড়ির সঙ্গে একটি ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে তর্কবিতর্কের সৃষ্টি হয়েছিল।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
১৮২ বার পড়া হয়েছে