কুষ্টিয়ায় গড়াই নদীর বালু অপসারণকাজে হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪
সোমবার, ১ জুন, ২০২৬ ১:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালু অপসারণের কাজ চলাকালে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধসহ চার শ্রমিক আহত হয়েছেন।
রোববার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ডাম্প ট্রাক চালক ফিরোজ (৪২), শ্রমিক সবুজ (৩০), ম্যানেজার মিলন (৩৫) এবং ভেকু চালক বাবলা (৪০)। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সবুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, রাতে চারজন আহত ব্যক্তি হাসপাতালে আসেন। তাদের মধ্যে ফিরোজ ও সবুজ গুলিবিদ্ধ ছিলেন। সবুজের অবস্থা বিবেচনায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ফিরোজ জানান, তারা রাতে গড়াই নদীর বালু অপসারণের কাজ করছিলেন। এ সময় একদল সশস্ত্র ব্যক্তি সেখানে এসে হামলা চালায়। হামলায় গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি কয়েকজনকে মারধর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের গড়াই নদ ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় স্তুপাকৃত বালু অপসারণের লিজ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও এ ইজারা কেন্দ্র করে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারণা, বালু ব্যবসা ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গড়াই নদীর ড্রেজিংকৃত বালু অপসারণের কাজের জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইজারা পায়। পরবর্তীতে মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনায় পুনরায় বালু অপসারণ কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু বলেন, তারা পূর্ববর্তী ইজারাদারের কাছ থেকে কাজটির দায়িত্ব গ্রহণ করেছেন। বালু অপসারণের সময় শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান এ বিষয়ে দপ্তরে এসে কথা বলার পরামর্শ দেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
২৩৩ বার পড়া হয়েছে