ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
রবিবার, ৩১ মে, ২০২৬ ২:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মেহেরপুরের গাংনী উপজেলায় ধানক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) সকালে উপজেলার মড়কা বাজার সংলগ্ন একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম বানিয়াপুকুর গ্রামের মৃত শাহাদাত মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম কৃষিকাজের পাশাপাশি মড়কা বাজারে একটি ধানের মিল পরিচালনা করতেন। সকালে তিনি নিজের ধানক্ষেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক মোটর চালু করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন, তবে চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা আকস্মিক এ মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
১৪২ বার পড়া হয়েছে