জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো ঠাঁই নাই : স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার, ৩১ মে, ২০২৬ ৭:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আশপাশের পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সমন্বিত অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, মাদক, সন্ত্রাস, জুয়া, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
রোববার (৩১ মে) সকালে চট্টগ্রাম সফরের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং জেলা প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, জঙ্গল সলিমপুর ছাড়াও বেতুয়া ও চা-বাগানসংলগ্ন পাহাড়ি এলাকাগুলোতে অপরাধী চক্রের অবস্থানের তথ্য সরকারের কাছে রয়েছে। এসব এলাকায় পরিকল্পিত যৌথ ও সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনা হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে পুরো এলাকাকে নিরাপদ ও অপরাধমুক্ত জনপদে রূপান্তর করার লক্ষ্যে কাজ করা হবে।
এ সময় স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে বসবাসরত সাধারণ মানুষকে উচ্ছেদ করা হবে না। বরং তাদের জন্য পরিকল্পিত ও মানবিক পুনর্বাসন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, সলিমপুরের বায়েজিদ অংশে নতুন কারাগার নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের বিষয়টি বিবেচনায় রয়েছে।
সারা দেশে অপরাধ দমনে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিদ্যমান কিছু আইনের সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় বর্তমান কিছু আইন যুগোপযোগী নয়। বিশেষ করে অনলাইন ও অফলাইন বেটিং নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নতুন ও আধুনিক আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।
১৫৪ বার পড়া হয়েছে