জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী সুমনের
রবিবার, ৩১ মে, ২০২৬ ৬:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে পৃথক তিনটি শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিরোজপুর সদর, কাউখালী, স্বরূপকাঠি পৌর এলাকা এবং মিয়ারহাট বন্দরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর সুমন জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে তিনি উৎপাদনমুখী রাজনীতি, আত্মনির্ভরশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
শোকসভা ও দোয়া মাহফিল শেষে প্রতিমন্ত্রী মিয়ারহাট বন্দরে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা পেলে তারা আবারও ব্যবসা কার্যক্রম স্বাভাবিক করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো একজন জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ দায়িত্ব। ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া এবং সহায়তার আশ্বাস প্রদান মানবিক উদ্যোগের অংশ বলেও তিনি মন্তব্য করেন।
৫১২ বার পড়া হয়েছে