সৌদি আরবের সঙ্গে মিল রেখে জামালপুরের ১৬ গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৫:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে জামালপুরের তিনটি উপজেলার অন্তত ১৬টি গ্রামে এবার ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলার সরিষাবাড়ী, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে স্থানীয়ভাবে পৃথকভাবে ঈদের জামাতের আয়োজন করা হয়।
বুধবার (২৭ মে) সকাল থেকেই এসব এলাকার মুসল্লিরা ঈদের নামাজ আদায়ের জন্য বিভিন্ন জামাতে অংশ নিতে সমবেত হন। প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালনের ধারাবাহিকতা বজায় রাখেন স্থানীয় একটি অংশের মুসলমানরা।
ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা এলাকায় টানা বৃষ্টির কারণে খোলা মাঠে জামাত আয়োজন সম্ভব না হওয়ায় আলতাফুর রহমানের বাড়িতে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন মুসলিম উম্মাহ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আলতাফুর রহমান।
এছাড়া সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, মূলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় গ্রামে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
একইভাবে ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের পশ্চিম মণ্ডলপাড়া এবং মাদারগঞ্জ উপজেলার কাজিয়ারবাড়ি গ্রামেও মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
স্থানীয়ভাবে এই উদ্যোগকে ঘিরে বিভিন্ন গ্রামে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হয়।
জেলার এসব গ্রামে দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালনের এই প্রথা চলে আসছে, যা স্থানীয়ভাবে একটি বিশেষ ধর্মীয় অনুসরণ হিসেবে পরিচিত।
১২৯ বার পড়া হয়েছে