পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, আহত মা
বুধবার, ২৭ মে, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলা এলাকায় পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা সালমা বেগম।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ডিবি ইউনিয়নের হোগলাবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতের ঝড়ে গ্রামটির বেশ কয়েকটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। মঙ্গলবার সকালে পল্লী বিদ্যুতের কর্মীরা এসে তারগুলো মেরামত করেন। তবে অসাবধানতাবশত একটি তার মাটিতে পড়ে ছিল। পরে মেরামতের কাজ শেষে মূল লাইনে বিদ্যুৎ সংযোগ চালু করা হলে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে শাহিনের মা সালমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম আশরাফুল হক বলেন, “বিষয়টি আমার জানা নেই। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
২০৩ বার পড়া হয়েছে