সুন্দরবনে ডাকাত দল গঠনের চেষ্টা, চাচা-ভাতিজা বাহিনীর ২ দস্যু আটক
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনে নতুন করে ডাকাত দল গঠনের চেষ্টার অভিযোগে আত্মসমর্পণ করা ‘ছোট সুমন বাহিনী’র দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ।
সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হলেও মঙ্গলবার ভোরে সুন্দরবনের শেলা নদী এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ।
কোস্ট গার্ড জানায়, ‘ছোট সুমন বাহিনী’ থেকে বের হয়ে ‘চাচা-ভাইরপো’ নামে নতুন একটি ডাকাত দল গঠনের চেষ্টা চালাচ্ছিল দুর্বৃত্তরা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে রূপসা খেয়াঘাট ও কাটাখালী মোড় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড ও পুলিশ।
অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মো. নাজমুল শেখ ও হানিফ শেখকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ‘চাচা-ভাইরপো’ নাম সম্বলিত ৫০০টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টার দিকে সুন্দরবনের শেলা নদীর বটতলার খাল এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি করে ৩টি একনলা বন্দুক, ১টি পাইপগান, ১টি খেলনা পিস্তল এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২) মোংলা থানার জয়মনি এলাকার বাসিন্দা। কোস্ট গার্ডের দাবি, তারা দীর্ঘদিন ধরে কুখ্যাত ছোট সুমন বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন।
উদ্ধার করা অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।
৩১৯ বার পড়া হয়েছে