সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৭:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, দেশে কোনোভাবেই সন্ত্রাস, মাদক ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না বলেই জঙ্গল সলিমপুরের মতো ঘটনা ঘটেছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। যারা এমন দুঃসাহস দেখিয়েছে, তাদের কঠোরভাবে দমন করা হবে।”
তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে পুলিশ সদর দপ্তরের মনিটরিং সেল বিশেষভাবে কাজ করছে। মহাসড়ক ও পশুর হাটগুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। পশুর হাটে জাল নোট শনাক্তে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঈদ পরবর্তী বর্জ্য অপসারণ নিয়েও প্রস্তুতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “ঈদের ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে এবং পরবর্তীতেও কার্যক্রম চলমান থাকবে।”
সড়ক দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, আগের তুলনায় এবার দুর্ঘটনা কম ঘটছে। বেশিরভাগ দুর্ঘটনাই অসচেতনতার কারণে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
যানজট নিরসনে টোল ব্যবস্থার আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এ বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হবে বলে জানান।
এ ছাড়া নারায়ণগঞ্জের লোকনাথ উৎসব ও মাদারীপুরের কুম্ভ মেলাকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত ১টার দিকে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পে কয়েকশ সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীরা ক্যাম্পে ভাঙচুর চালায় এবং সেখানে উপস্থিত লোকজনকে মারধর করে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরা ১০৫ রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর সোমবার এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে যৌথ বাহিনী।
১৭২ বার পড়া হয়েছে