প্রফেসর মুন্সী হাফিজুর রহমানকে স্মরণে নড়াইলে নাগরিক শোকসভা
সোমবার, ২৫ মে, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
উদীচী নড়াইল জেলা সংসদের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মুন্সী হাফিজুর রহমানের স্মরণে নড়াইলে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নড়াইল জেলা সংসদের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উদীচী নড়াইল জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট সৌমেন পাল চয়ন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অঞ্জন রায়।
শোকসভায় বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠী খুলনা বিভাগীয় কমিটির সদস্য সচিব ও মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, উদীচী বড়দিয়া শাখার সভাপতি দিলরুবা ইয়াসমিন, সাধারণ সম্পাদক প্রবীর রায়, নড়াইল জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কল্যাণ মুখার্জী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জিত রাজবংশী, উদীচী জেলা সংসদের সংগীত বিভাগের সাবেক সম্পাদক গীতা রানী বৈরাগী, বড়দিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক সিকদার আনিচুর রহমান, উদীচী কর্মী রোকসানা পারভীন, কবি আশামনি ও হাসিবুর রহমান আকাশসহ অনেকে।
বক্তারা বলেন, প্রফেসর মুন্সী হাফিজুর রহমান আজীবন অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করে গেছেন। শিক্ষার প্রসারের পাশাপাশি তিনি সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিতে নিরলস ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও স্বপ্ন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য, কবি, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর চলতি বছরের ২৪ এপ্রিল প্রফেসর মুন্সী হাফিজুর রহমান মৃত্যুবরণ করেন।
১১৭ বার পড়া হয়েছে