নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাখন দাস
সোমবার, ২৫ মে, ২০২৬ ৯:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়-এর এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের কৃতী প্রাক্তন শিক্ষার্থী ও নরসিংদী প্রেস ক্লাব-এর সভাপতি মাখন দাস।
সম্প্রতি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে ২০২৬ তারিখে নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার কাছে এডহক কমিটি গঠনের অনুমোদন চেয়ে আবেদন করা হয়। পরে এসআরও নং-৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী ২১ মে চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেয় শিক্ষা বোর্ড।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মাখন দাস, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মো. রাজু আহাম্মদ, অভিভাবক সদস্য হিসেবে আসাদুজ্জামান মনির এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দেবনাথ দায়িত্ব পেয়েছেন।
নিজ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করে মাখন দাস বলেন, “এই প্রতিষ্ঠান শুধু একটি বিদ্যালয় নয়, এটি আমার আবেগ, স্মৃতি ও শিকড়ের সঙ্গে জড়িয়ে আছে। একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এ দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের।”
তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালু, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে বিদ্যালয়কে আরও সমৃদ্ধ প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নতুন দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতাও কামনা করেন মাখন দাস।
তার এ নিয়োগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষা অঙ্গনের বিভিন্ন ব্যক্তিরাও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দীর্ঘদিনের সাংবাদিকতা, সমাজসেবা ও শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সম্পৃক্ত মাখন দাস বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরাও মনে করছেন, একজন প্রাক্তন শিক্ষার্থীর নেতৃত্বে বিদ্যালয়টি নতুন উদ্যমে এগিয়ে যাবে এবং এর ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে।
১২১ বার পড়া হয়েছে