বেনাপোল স্থলবন্দরে ঈদুল আজহায় ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
রবিবার, ২৪ মে, ২০২৬ ২:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে এ সময় বেনাপোল–পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
রবিবার (২৪ মে ২০২৬) সকাল ১০টার দিকে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ সময় বন্দরে পণ্য লোড–আনলোডসহ অভ্যন্তরীণ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোর্তজা হোসেন বলেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
অন্যদিকে বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ক ও কর পরিশোধ করে তাদের পণ্য খালাস নিতে পারবেন।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ঈদের ছুটি শেষে আগামী ১ জুন থেকে বন্দরের সব কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে।
১১৭ বার পড়া হয়েছে