ঈদ উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার দক্ষিণ জোন কোস্ট গার্ডের
রবিবার, ২৪ মে, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।
উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এ বাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথে নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত টহল, যৌথ অভিযান এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।
আসন্ন ঈদকে কেন্দ্র করে নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষিতে দক্ষিণ জোনের আওতাধীন ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়া, নাজিরপুর, চৌমুহনী এবং লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটসহ সব নৌঘাটে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া বিআইডব্লিউটিএ কন্ট্রোল রুমে কোস্ট গার্ডের প্রতিনিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজন ব্যক্তি ও নৌযানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানিংসহ বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি গরু, মহিষসহ কোরবানির পশুর চোরাচালান দমন এবং দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশুর নিরাপদ ও নির্বিঘ্ন পরিবহন নিশ্চিত করতে কোস্ট গার্ডের উল্লেখযোগ্য সংখ্যক টহল দল ও উচ্চগতিসম্পন্ন বোট মোতায়েন রয়েছে। এর ফলে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ থাকবে বলে আশা করা হচ্ছে।
অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা হচ্ছে।
এছাড়া দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত লঞ্চঘাট ছাড়া অন্য কোনো মাধ্যমে—যেমন খেয়া পারাপারের ছোট বোট বা ট্রলারে যাত্রী ওঠানামা—প্রতিরোধে বিশেষ নজরদারি করা হচ্ছে।
জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসী যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঈদের পর যাত্রীদের নিরাপদে কর্মস্থলে পৌঁছানো পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
১০৫ বার পড়া হয়েছে