পল্লবীতে শিশু ধর্ষণ–হত্যা : ৭ দিনের মধ্যে বিচারকাজ শেষের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
রবিবার, ২৪ মে, ২০২৬ ৯:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচারকাজ খুব সম্ভবত পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, আজকের (রোববার) মধ্যেই মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের পক্ষ থেকে এর চেয়ে বেশি কিছু করার নেই। এ ঘটনায় আসামিকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পরে আসামি এক দিনের মধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দির ভিত্তিতে সহযোগী হিসেবে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা করা হয়েছে, যা সম্পন্ন হতে তিন দিন সময় লেগেছে। পরীক্ষার প্রতিবেদন গতকাল শনিবার বিকেলে জমা দেওয়া হয়। একই সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনও পাওয়া গেছে। এসব তথ্য একত্র করে শনিবার রাতের মধ্যেই অভিযোগপত্র প্রস্তুতের কাজ শেষ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা একজন বিশেষ পিপি নিয়োগ করেছি শুধু এই মামলার কাজ পরিচালনার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি আজকের মধ্যেই চার্জশিট দেওয়া হবে এবং খুব সম্ভবত পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই বিচারকাজ শেষ হবে।”
তিনি আরও মন্তব্য করেন, এসব ধর্ষণের ঘটনা সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের অভাব থেকে ঘটছে। তার মতে, সমাজে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে সংস্কার প্রয়োজন। তবে কিছু অপসংস্কৃতির প্রভাব সমাজে পড়েছে, যার কারণে ধর্ষণের ঘটনা সহনশীলতার সীমা অতিক্রম করছে।
১০৫ বার পড়া হয়েছে