মাদক ব্যবসার বিরোধে বুড়িচংয়ে হিজরাকে আগুনে পুড়িয়ে হত্যা
বুধবার, ২০ মে, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার ভাগ-বাটোয়ারা নিয়ে অন্তর্কোন্দলের জেরে এনামুল হক শিশির ওরফে মাহী নামে এক হিজরাকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনার চার দিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রধান আসামি জহিরুল ইসলাম ওরফে আপন ওরফে জহির হিজরাকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ সিপিসি-২। সোমবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি মিঠুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৮ মে সাতক্ষীরা জেলার ভোমরা এলাকা থেকে র্যাব-৬ এর সহযোগিতায় জহির হিজরাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। র্যাবের দাবি, মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরেই মাহী হিজরাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় দোলা হিজরা নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত এনামুল হক শিশির ওরফে মাহী হিজরা কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের কামরুল হক ফরহাদের ছেলে। গত ১৩ মে সকাল সাড়ে ৯টার দিকে বুড়িচং পৌরসভার মধ্যবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ হামলার ঘটনা ঘটে।
১৬৬ বার পড়া হয়েছে