পাবনায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়।
সেখানে মেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদ, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ, অনলাইন পত্রিকা নতুন চোখ-এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় ভূমি নামজারি, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি সংক্রান্ত তথ্যসেবা এবং অভিযোগ গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতে তথ্যকেন্দ্র ও পরামর্শ বুথ স্থাপন করা হয়েছে।
আয়োজকরা জানান, ডিজিটাল ভূমিসেবা সহজ ও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে