কলাপাড়া পৌর খাল দখলমুক্ত করতে দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান শুরু
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা-এর পৌর এলাকার গুরুত্বপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা রহমতপুর খাল (জীনখাল) দখলমুক্ত করতে দ্বিতীয় দফার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৮ মে) সকাল ১০টার দিকে রহমতপুর কালভার্ট সংলগ্ন এলাকা থেকে এ অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ। এতে সহায়তা করে কলাপাড়া থানা পুলিশ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি, ব্যাটালিয়ন আনসার ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রশাসন সূত্র জানায়, পর্যায়ক্রমে খালের দুই পাড়ে গড়ে ওঠা সব ধরনের পাকা ও কাঁচা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। একই সঙ্গে রডার সংলগ্ন এলাকায় খালের ভেতরে থাকা স্থাপনাগুলোকেও অপসারণের আওতায় আনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হচ্ছে। এর আগে মাইকিং করে দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অনেকেই তা সরালেও যারা সরাননি, তাদের স্থাপনা এখন উচ্ছেদ করা হচ্ছে।
তিনি আরও জানান, খালের সীমানা চিহ্নিত করে রেড মার্কিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা না সরালে স্ক্যাভেটর দিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হবে। খালের ভেতরে থাকা একটি মাদরাসাও নিজ উদ্যোগে না সরালে সেটিও উচ্ছেদের আওতায় আসবে।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, রহমতপুর খাল দখলমুক্ত হলে পৌর শহরের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরিবেশ ও সৌন্দর্য অনেকাংশে ফিরে আসবে। খালটি পুনঃখননের পরিকল্পনাও রয়েছে, যা বাস্তবায়িত হলে এটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।
এর আগে গত ১৪ মে প্রথম দফায় দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। তিন দিনের বিরতির পর আবারও দ্বিতীয় দফায় অভিযান শুরু হয়েছে। প্রয়োজন হলে ঈদের আগে বা পরেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
১৬০ বার পড়া হয়েছে