সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে কাঁকড়া শিকারে গুলিবিদ্ধ হয়ে নিহত জেলে, এলাকায় উত্তেজনা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ১৮ মে, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে আমিনুর রহমান (৪৫) নামের এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ মে) সকালে খুলনা রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল পাটকোস্টার ঝিল এলাকায় কাঁকড়া ধরার সময় বনবিভাগের টহল টিমের ছোঁড়া গুলিতে তিনি নিহত হন বলে দাবি করেছেন তার সহযোগীরা। তাদের অভিযোগ, বনবিভাগের টহল টিমের সদস্যদের ডাকে সাড়া না দিয়ে পালানোর চেষ্টা করলে পেছন থেকে গুলি ছুঁড়ে তাকে হত্যা করা হয়।

নিহত আমিনুর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের মৃত আকছেদ আলী গাজীর ছেলে। তিনি তিন সন্তানের জনক।

নিহতের সহযোগী জেলে আহম্মদ মোড়ল জানান, তিন দিন আগে বনবিভাগের পাশ (অনুমতিপত্র) নিয়ে দুটি নৌকায় চারজন বনজীবী কাঁকড়া শিকারের জন্য সুন্দরবনে যান। সোমবার সকাল থেকে খুলনা রেঞ্জের পাটকোস্টার ঝিল এলাকায় (অভয়ারণ্য) নৌকায় বসে তারা কাঁকড়া শিকার করছিলেন। সকাল প্রায় ৭টার দিকে পাশবর্তী টহল ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেনের নেতৃত্বে টহল টিম সদস্যরা পেছন থেকে ডাক দেন এবং এক রাউন্ড গুলি ছোঁড়েন। এতে ঘটনাস্থলেই আমিনুরের মৃত্যু হয় বলে দাবি করা হয়। পরে দুপুর ১টার দিকে তারা মরদেহ নিয়ে এলাকায় ফিরে আসেন।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, অভয়ারণ্যে কাঁকড়া শিকারে যাওয়া জেলেদের ওপর বনবিভাগের টহল টিম গুলি ছুঁড়েছে। এতে আমিনুর নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় বনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তারা সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন ও সংশ্লিষ্ট রেঞ্জ কার্যালয় ঘেরাও করতে জড়ো হতে শুরু করেন। তিনি আরও অভিযোগ করেন, জলদস্যুরা সুন্দরবনে ত্রাস সৃষ্টি করলেও বনবিভাগ বা কোস্টগার্ড তাদের দমন করতে পারছে না, অথচ নিরীহ জেলেদের ওপর গুলি চালানো হচ্ছে, যা বনজীবীদের মধ্যে ভীতি তৈরি করছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান জানান, বর্তমানে সুন্দরবনে দস্যু দমনে অভিযান চলছে। প্রকৃতপক্ষে কার গুলিতে ওই জেলের মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিনি বলেন, ঘটনাটি খুলনা রেঞ্জে ঘটেছে। জেলে নিহতের ঘটনায় টহল টিমের ইনচার্জ মোবারক হোসেনের নাম জেলেরা বললেও তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, আমিনুর রহমানের মৃত্যুর ঘটনায় বনরক্ষীদের কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেল চারটার দিকে প্রায় দুই শতাধিক বনজীবী দলবদ্ধ হয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালীনি স্টেশন অফিসে হামলার চেষ্টা করেন। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ এবং সীমানা প্রাচীর ভাঙচুর করা হয়। পরে শ্যামনগর থানা পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক জানান, গুলিতে এক বনজীবী নিহতের ঘটনায় উপকূলীয় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। নিহত আমিনুরের মরদেহ ইতোমধ্যে এলাকায় পৌঁছেছে। তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন