জৈন্তাপুরে মানবপাচার চক্রের মূলহোতা হানিফসহ আটক ১৩
সোমবার, ১৮ মে, ২০২৬ ৪:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের জৈন্তাপুরে মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে চক্রের কথিত মূলহোতা হানিফ মিয়াসহ মোট ১৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও একটি শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের খাছিয়াহাটি এলাকায় শনিবার (১৬ মে) দুপুরে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল করিম ওরফে ‘ব্যান্ডেজ করিম’-এর বাড়িতে সন্দেহজনকভাবে কয়েকজন ব্যক্তির অবস্থান লক্ষ্য করেন এলাকাবাসী। পরে তারা বিষয়টি মানবপাচার সংশ্লিষ্ট হতে পারে বলে সন্দেহ করে তাদের আটকে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, আটক হানিফ মিয়া (৩৫) ওই উপজেলার ডিবির হাওর গ্রামের সাহেব মিয়ার ছেলে এবং তাকে চক্রটির নেতৃত্বদানকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার সঙ্গে আটক অন্য ব্যক্তিদের মধ্যে দেশের বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন।
আটকদের তালিকায় রয়েছেন— তানজিম উদ্দিন (২৮, সুনামগঞ্জের জগন্নাথপুর), হাফিজুর রহমান (৩৯, পিরোজপুরের জিয়ানগর), খুলনার বাসিন্দা হাসান (২৬), নুরজাহান খাতুন (৩৫), এশা আক্তার (২৫), সুমি খাতুন (২২), সোনিয়া বেগম (৩০), আমেনা আক্তার পলি (৩৩, ডেমরা, ঢাকা), নাসরিন আক্তার (২৩), সিমরান সুলতানা (২৫, সাতক্ষীরা), রুমি আক্তার (৩৫, নোয়াখালী), ও সবুরুন নেছা (৪৫, যশোর)। এদের সঙ্গে হামজা শেখ নামে দুই বছরের একটি শিশুও উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ চক্রের সঙ্গে স্থানীয় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
১২৭ বার পড়া হয়েছে