ফেসবুকে শিক্ষককে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ, সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক স্কুলশিক্ষককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন অভিভাবকরা।
সংবাদ সম্মেলনে সহকারী শিক্ষক সেলিম রেজা ও উপস্থিত অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা করার পাশাপাশি অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি প্রাইভেট পড়িয়ে আসছেন। গত ১০ মে তিনি নৈমিত্তিক ছুটিতে থাকাকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়।
অভিভাবকদের অভিযোগ, এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া খাতুন কয়েকজন শিক্ষার্থীকে জোরপূর্বক সেলিম রেজার নাম বলতে বাধ্য করেন। এছাড়া কয়েকটি ভুয়া ফেসবুক পেজ ও আইডি থেকে তাকে হেনস্তা ও অপদস্থ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন সেলিম রেজা।
সংবাদ সম্মেলনে সেলিম রেজা বলেন, তার সম্মানহানি করতে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন অভিভাবক হুমাইরা খাতুন, রেজাউল করিমসহ অর্ধশতাধিক অভিভাবক ও শিক্ষার্থী।
তবে ঘটনার দিন পরীক্ষা চলাকালে আলাদা কোনো প্রশ্নপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভোলাহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ।
১২০ বার পড়া হয়েছে