ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেনের ইন্তেকাল
বুধবার, ১৩ মে, ২০২৬ ১২:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন (৬৫) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
বুধবার সকাল ৭টায় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি এসএসসি পাসের পর তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এ যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবন শেষে ২০০৬ সালে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং সর্বশেষ উপজেলা আমিরের দায়িত্ব পালন করছিলেন।
তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বুধবার বিকেল ৪টায় সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এক শোকবার্তায় বলেন, আলহাজ আনোয়ার হোসাইন একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে ইসলাম ও ইসলামী আন্দোলনের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি বহু সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এবং দক্ষ সংগঠক হিসেবে ইসলামী আন্দোলনের কাজকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখেন। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে গেছেন বলে তিনি উল্লেখ করেন এবং তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
অপরদিকে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার স্বপন এক শোকবার্তায় বলেন, আলহাজ আনোয়ার হোসেন একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। দ্বীনের পথে তাঁর অবদান, ত্যাগ ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীনের কাজে নিয়োজিত ছিলেন বলেও তিনি উল্লেখ করেন এবং শোক প্রকাশ করেন।
এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলা উদ্দিন মণ্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, এনসিপির উপজেলা মুখ্য সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা আমির মুফতি ওমর ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা এলামনাই অ্যাসোসিয়েশন, আন নুর ফাউন্ডেশন এবং আল-হেরা ইসলামী একাডেমির পরিচালনা পরিষদও শোক প্রকাশ করেছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
১২২ বার পড়া হয়েছে