নড়াইলে সুবোলের খাল পুনঃখনন কাজের উদ্বোধন
বুধবার, ১৩ মে, ২০২৬ ১২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থানে সুবোলের খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে এ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় তিনি ও অন্যান্য অতিথিবৃন্দ ফলক উন্মোচন করেন এবং মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেন। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পুনঃখনন কাজের উদ্বোধনী আলোচনা সভায় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন এবং কালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিসার আহম্মেদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। খালের পানি ব্যবহার করে কৃষকরা ধানসহ বিভিন্ন ফসলের সেচ দিতে পারবেন, ফলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমে যাবে। পাশাপাশি দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং বিলুপ্তপ্রায় মাছ পুনরায় ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। সব মিলিয়ে এ প্রকল্প এলাকায় আর্থসামাজিক অবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটাবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পিরোলীস্থান ঋষিবাড়ী থেকে প্রধান সড়ক পর্যন্ত ৫৮০ মিটার সুবোলের খাল পুনঃখননের জন্য ৩০ লাখ ১৬ হাজার ৮৭২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে অসহায় শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৪০ দিনব্যাপী ৭০ জন শ্রমিক কাজ করবেন। তাদের পারিশ্রমিক হিসেবে ১৫ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা ব্যয় ধরা হয়েছে। অবশিষ্ট অর্থ ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার কাজে ব্যয় করা হবে।
১৩০ বার পড়া হয়েছে