মুন্সীগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বুধবার, ১৩ মে, ২০২৬ ৮:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“অটিজম ও মানবতা: প্রতিটি জীবনেরই মূল্য আছে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এছাড়া পুলিশ সুপার, মুন্সীগঞ্জের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কামরান হোসেন এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ দেবরাজ মালাকার উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক, পলক অটিজম স্কুল; সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা।
সভায় অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার সংরক্ষণ, তাদের সম্ভাবনার বিকাশ এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন, বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষায় স্কলারশিপ প্রদান, মোবাইল হেলথ ক্লিনিক চালু, সহায়ক উপকরণ তৈরিতে প্রণোদনা প্রদান, নিয়োগে বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদান, স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা, প্রশিক্ষণ ও প্যারা অলিম্পিক কার্যক্রমে সহায়তা সম্প্রসারণ, প্রতিবন্ধী বিষয়ক আইনসমূহের কার্যকর বাস্তবায়ন এবং প্রতিবন্ধীবান্ধব নাগরিক সেবা নিশ্চিতকরণ।
সভায় আরও গুরুত্বারোপ করা হয় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সাংগঠনিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর। একই সঙ্গে অটিজমসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মাঝে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।
১৪৭ বার পড়া হয়েছে