রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ফুলবাড়িয়ার যুবক আবদুর রহিম নিহত
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়াইরত অবস্থায় ড্রোন হামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম আবদুর রহিম (৩০)।
তিনি ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, আ. রহিম গত বছর রাশিয়ায় যান এবং সেখানে রুশ সেনাবাহিনীর ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নেন।
নিহত আ. রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য মোছা. আফরোজা আক্তার। তিনি বলেন, “আপনি যখনই নামটা বলছেন, তখন আমার কলিজাটা কেঁপে ওঠে। কারণ আব্দুর রহিম আমার আত্মীয়। আমরা চাই সরকার দ্রুত রহিমের মরদেহ দেশে আনার ব্যবস্থা করুক।”
সূত্রে জানা গেছে, গত ২ মে রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় দুই বাংলাদেশি ও একজন নাইজেরিয়ান নাগরিক নিহত হন। একই ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হন।
নিহতদের মধ্যে ছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আ. রহিম এবং কিশোরগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার রিয়াদ রশিদ (২৮)। একই হামলায় লিমন দত্ত নামের আরেক বাংলাদেশি সেনা আহত হয়ে একটি পা হারান বলে জানা গেছে।
এদিকে, আ. রহিমের বাবা আজিজুল হক পুটিজানা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি বলে জানা গেছে।
১২৩ বার পড়া হয়েছে