সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: গোলাবারুদসহ ডাকাত মেজ জাহাঙ্গীর আটক
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১২ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। এদিকে কোস্ট গার্ড পশ্চিম জোন (সদর দপ্তর, মোংলা) থেকে ইলেকট্রনিক মিডিয়ায় ব্রিফিং প্রদান করেন লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ (এক্স), বিএন, নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস তৌহিদ।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থান গ্রহণ করেছে। এর অংশ হিসেবে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এই অভিযানের ধারাবাহিক সফলতার অংশ হিসেবে চতুর্থ বারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” পরিচালনা করে কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়।
জানা যায়, সুন্দরবনের দাকোপ থানাধীন শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় তিনি অবস্থান করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ১২ মে মঙ্গলবার রাত ১টার দিকে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
অভিযানে তার কাছ থেকে ২টি একনলা বন্দুক এবং ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে