লেবাননে ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, সাতক্ষীরায় শোকের মাতম
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবার দুপুরে দেশটির নাবাতিয়েহ এলাকার জেবদিন গ্রামে তাঁদের আবাসস্থলে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে শফিকুল ইসলাম (৩৮) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম অভাবের সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় এক মাস আগে লেবাননে পাড়ি জমান। কিন্তু পরিবারের ভাগ্য বদলের স্বপ্ন পূরণের আগেই তাঁদের মরদেহ দেশে ফেরার অপেক্ষায়।
বৈরুতের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, সোমবার দুপুরে জেবদিন এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালায়। এতে দুই বাংলাদেশিসহ এক সিরীয় নাগরিক নিহত হন। ওই এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা হামলা। এর আগে জেবদিন পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে চালানো আরেকটি ড্রোন হামলায় আরও দুই স্থানীয় বাসিন্দা নিহত হন।
বৈরুতের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক শোকবার্তায় দুই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তাঁদের মরদেহ নাবাতিয়েহর নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।
নিহত শফিকুল ইসলামের প্রতিবেশী ও ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ জানান, গত ২০ রমজানে অনেক স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন শফিকুল। তিনি ছিলেন মা-বাবার একমাত্র সন্তান। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
ধুলিহর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেন মিঠু বলেন, পরিবারের সুদিন ফেরানোর আশায় ঋণ করে লেবাননে গিয়েছিলেন শফিকুল। কিন্তু জীবনের নতুন অধ্যায় শুরুর আগেই এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, নিহত দুই পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। সন্তানদের বিদেশে পাঠাতে তাঁদের ঋণ করতে হয়েছিল। এখন সন্তান হারিয়ে পরিবারগুলো মানসিক ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে।
এদিকে সাতক্ষীরার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতদের পরিবারের খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাত থামেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত দেশটিতে প্রায় ২ হাজার ৮৬৯ জন নিহত হয়েছেন।
১২১ বার পড়া হয়েছে