কিরণগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ আটক
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৮:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় কুফ রিলিফ সিরাপ আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১১ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীন কিরণগঞ্জ বিওপিতে কর্মরত নায়েক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানটি সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে পরিচালিত হয়।
এসময় টহল দল মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় কুফ রিলিফ সিরাপ আটক করতে সক্ষম হয়।
বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া নেশাজাতীয় সিরাপগুলো জিডি মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১৯৫ বার পড়া হয়েছে