সার্ক এগিয়ে নিতে পাকিস্তানকে সম্মান দেখানোর পরামর্শ ভারতের সাবেক কূটনীতিকের
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে পাকিস্তানকে সম্মান দেখিয়ে এগোনোর পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। তাঁর মতে, প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান থেকে বেরিয়ে এসে বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-কে (সার্ক) সক্রিয় করার উদ্যোগ নেওয়া উচিত ভারতের।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, ভারত শুধুমাত্র পাকিস্তানের কারণে সার্ক প্রক্রিয়া স্থগিত রাখেনি। বরং সন্ত্রাসবাদ-সংক্রান্ত নীতিগত অবস্থানের কারণেই আঞ্চলিক এই জোটের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। তাঁর ভাষ্য, সন্ত্রাসবাদসহ সংশ্লিষ্ট নিরাপত্তা ইস্যুর সমাধান ছাড়া সার্ককে কার্যকরভাবে সামনে এগিয়ে নেওয়া কঠিন।
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার বর্তমান প্রজন্ম সংঘাত নয়, বরং বাস্তব জীবনের উন্নয়নমুখী সহযোগিতা চায়। প্রযুক্তি, শিক্ষা, বাণিজ্য, মানুষে-মানুষে যোগাযোগ এবং জলবায়ু পরিবর্তনের মতো খাতে আঞ্চলিক সমন্বয় বাড়ানোর বিপুল সুযোগ রয়েছে, যেখানে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বীণা সিক্রি বলেন, ভারত ও পাকিস্তানের পারস্পরিক বিরোধ এক পাশে রেখে সার্কের স্বার্থে নতুন করে সংলাপ শুরু করা প্রয়োজন। তিনি মনে করেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে দেখা হয়, তাই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দেশটিকে যথাযথ সম্মান দেখানো জরুরি।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-এর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান।
১১৮ বার পড়া হয়েছে