সর্বশেষ

সারাদেশ

রংপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবিতে ধর্মঘট, মহাসড়ক অবরোধ

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

সোমবার, ১১ মে, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ও সাধারণ সভা আহ্বান এবং কথিত দখলদারিত্বের প্রতিবাদে সোমবার পরিবহন ধর্মঘট ও বিক্ষোভ করেছে মোটর শ্রমিকরা। এ সময় তারা সড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

শ্রমিকদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে বহিরাগত সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এতে ৭ জন শ্রমিক আহত হন বলে দাবি করা হয়। ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা রংপুর–ঢাকা মহাসড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোটর শ্রমিকদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের “বিপ্লবের” পর রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। গত প্রায় দুই বছর ধরে কোনো সাধারণ সভা আহ্বান বা নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

তাদের দাবি, বিএনপির নাম ব্যবহার করে একটি পক্ষ ইউনিয়নের কার্যক্রম বন্ধ রেখে দখলদারিত্ব কায়েম করেছে এবং শ্রমিকদের ওপর নির্যাতন ও দমন-পীড়ন চালাচ্ছে। একাধিকবার সাধারণ সভা ও নির্বাচনের দাবি জানানো হলেও প্রভাবশালী মহলের কারণে তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন শ্রমিকরা।

এর প্রতিবাদে সোমবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করেন সাধারণ শ্রমিকরা। এতে রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের দাবি, সকালবেলা মর্ডান মোড় এলাকায় অবস্থান কর্মসূচির সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৭ জন শ্রমিককে কুপিয়ে আহত করে। এরপর ক্ষুব্ধ শ্রমিকরা রংপুর–ঢাকা মহাসড়ক অবরোধ করেন এবং সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলে দুপুর ১টার দিকে শ্রমিকরা অবরোধ ও ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

এ সময় পুলিশ দুইজনকে আটক করেছে বলে জানা গেছে।

মোটর শ্রমিক ইউনিয়নের নেতা আফতাব উদ্দিন অভিযোগ করেন, রাজনৈতিক পরিবর্তনের পর নেতৃত্ব সংকটে ইউনিয়ন জিম্মি হয়ে পড়েছে। বিএনপির নাম ভাঙিয়ে একটি গোষ্ঠী কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে শ্রমিক নেতা মোখতার হোসেন বলেন, বারবার প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে ধর্মঘট ও অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচির সময়ই সন্ত্রাসীরা হামলা চালিয়ে শ্রমিকদের আহত করেছে।

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের ডিসি সনাতন চক্রবর্তী জানান, শ্রমিকদের সাধারণ সভা আহ্বানের দাবিতে ধর্মঘট চলছিল। হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন