সাভারে স্বাভাবিক জ্বালানি সরবরাহ, কমেছে পাম্পে ভোগান্তি
রবিবার, ১০ মে, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ কয়েক দিনের সংকট কাটিয়ে সাভারে স্বাভাবিক হতে শুরু করেছে জ্বালানি তেলের সরবরাহ। বিভিন্ন পেট্রোল পাম্পে এখন পর্যাপ্ত তেল মজুত থাকায় আগের মতো দীর্ঘ লাইন বা যানজট দেখা যাচ্ছে না।
ফলে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িচালকেরা সহজেই প্রয়োজনমতো জ্বালানি সংগ্রহ করতে পারছেন।
সরেজমিনে দেখা গেছে, সাভারের অধিকাংশ পাম্পে এখন ভিড় অনেকটাই কম। কয়েকদিন আগেও যেখানে রেশনিং পদ্ধতিতে মোটরসাইকেলে ৫০০ টাকা এবং ব্যক্তিগত গাড়িতে সর্বোচ্চ ১ হাজার টাকার তেল দেওয়া হচ্ছিল, সেখানে বর্তমানে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।
মোটরসাইকেলচালক সুমন আহমেদ বলেন, কয়েকদিন আগে সামান্য তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এখন কোনো ভোগান্তি ছাড়াই ট্যাংক ভর্তি করে তেল নেওয়া যাচ্ছে।
পণ্যবাহী ট্রাকচালক ঠান্ডু মিয়া জানান, সরবরাহ স্বাভাবিক হওয়ায় পরিবহন কার্যক্রমে গতি ফিরেছে। এতে সময়মতো গন্তব্যে পৌঁছানো সহজ হচ্ছে।
পাম্প সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ডিপো থেকে নিয়মিত জ্বালানি সরবরাহ আসছে। এক পাম্প পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, দাম বাড়ার আশঙ্কায় আগে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করেছিলেন। তবে দাম পুনর্নির্ধারণের পর পরিস্থিতির উন্নতি হয়েছে এবং পাম্পে চাপও কমেছে।
কবিরপুর এলাকার এক পাম্পকর্মী মিঠু মিয়া বলেন, “এখন আমাদের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। গ্রাহকদের আর ফিরিয়ে দিতে হচ্ছে না।”
সাভারে প্রায় ২০টি ছোট-বড় পেট্রোল পাম্প রয়েছে। এসব পাম্পের ওপর যানবাহনের পাশাপাশি শিল্পকারখানার জেনারেটর ও কৃষিখাতের সেচ ব্যবস্থা নির্ভরশীল। তাই জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ায় শিল্প ও কৃষিখাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৮৮ বার পড়া হয়েছে