সর্বশেষ

সারাদেশ

খুলনায় আবারও বাড়ল পানির দাম: ১০ বছরে ৮ দফা বাড়ায় ক্ষুব্ধ নগরবাসী

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শনিবার, ৯ মে, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গ্রাহকসেবার মান নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ থাকা সত্ত্বেও আবারও পানির দাম বাড়িয়েছে খুলনা ওয়াসা। চলতি সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ মার্চ থেকে নতুন দর কার্যকর হয়েছে।

এতে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৩৮ পয়সা। এর সঙ্গে সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ ও ভ্যাট যোগ হবে।

এ নিয়ে গত ১০ বছরে মোট ৮ দফা পানির দাম বাড়িয়েছে বহুল আলোচিত এ সংস্থাটি। এর আগে গত বছরের জুনে একবারে ১০ শতাংশ দাম বাড়ানো হয়েছিল। এরপর মাত্র ৯ মাসের ব্যবধানে আরও ৫ শতাংশ বৃদ্ধি করা হলো।

খুলনা নগরে ওয়াসার প্রায় ৪৫ হাজার গ্রাহক রয়েছে। নতুন মূল্য অনুযায়ী, আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট পানির জন্য এখন ১০ টাকা ৩৮ পয়সা পরিশোধ করতে হবে।

ওয়াসা সূত্র জানায়, ২০১৫ সালের ১ জানুয়ারি পানির নতুন মূল্য নির্ধারণ করা হয়, তখন প্রতি ইউনিট ছিল ৪ টাকা। এরপর ২০১৬ সালের ১ জানুয়ারি ২০ শতাংশ এবং ২০১৭ সালের জানুয়ারিতে আরও ২০ শতাংশ দাম বাড়ানো হয়। এভাবে ধারাবাহিকভাবে আট দফা বাড়িয়ে সর্বশেষ মূল্য নির্ধারণ করা হয়েছিল ৯ টাকা ৮৮ পয়সা, যা এখন ১০ টাকা ৩৮ পয়সায় উন্নীত হয়েছে।

এদিকে দাম বৃদ্ধির সিদ্ধান্তে নগরবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। খুলনা সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা বলেন, “বছর বছর পানির দাম বাড়ানো খুলনা ওয়াসার অভ্যাসে পরিণত হয়েছে। এটি ভোক্তার ওপর চাপ সৃষ্টি ছাড়া কোনো সমাধান নয়। সেবা আইন অনুযায়ী দাম বাড়ানোর আগে গণশুনানি বাধ্যতামূলক হলেও ওয়াসা তা করে না।”

তিনি আরও বলেন, “সেবা উন্নত না করে শুধুমাত্র দাম বাড়ানো ঠিক নয়। সাধারণ মানুষের আয় না বাড়লেও তাদের ব্যয় বাড়ছে। গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে ওয়াসার এই সিদ্ধান্ত জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।”

বয়রা আবাসিক এলাকার বাসিন্দা সাজ্জাদুল ইসলাম লেনিন বলেন, খুলনা ওয়াসা দীর্ঘ ১৮ বছরেও পুরো নগরে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে পারেনি। অনেক এলাকায় এখনো সুপেয় পানি পৌঁছায় না এবং সরবরাহকৃত পানিতে ময়লা থাকে। তার মতে, ওয়াসার পানি ব্যবহারে বিদ্যুৎ খরচও বেড়ে যায়, কারণ ট্যাংকে পানি তুলতে পাম্প ব্যবহার করতে হয়।

নিরালা এলাকার বাসিন্দা আবদুস সোবহান অভিযোগ করে বলেন, কয়েক মাস আগে পানিতে ময়লা আসার পর অভিযোগ জানালেও সমাধান পেতে দীর্ঘ সময় লেগেছে। তিনি বলেন, সেবার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলেও দাম বাড়াতে নিয়ম মানা হয় না।

সোনাডাঙ্গা ক্রস রোড এলাকার বাসিন্দা মমতা রানী সাহা জানান, সকাল সাড়ে ৮টার মধ্যেই পানি শেষ হয়ে যায় এবং বিকেলে অনিয়মিতভাবে পানি পাওয়া যায়। কোনো পূর্বঘোষণা ছাড়াই অনেক সময় পানি সরবরাহ বন্ধ হয়ে যায়, যা চরম ভোগান্তির সৃষ্টি করে।

নগরবাসীর অভিযোগ, সেবার মান উন্নত না হওয়ায় অনেকেই ওয়াসার পানি ব্যবহার না করে ব্যক্তিগতভাবে সাবমার্সিবল পাম্প ব্যবহার করছেন।

অন্যদিকে খুলনা ওয়াসা কর্তৃপক্ষ দাবি করেছে, তারা সেবার মান উন্নয়নে কাজ করছে। সংস্থাটির মতে, নগরে পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি সড়ক ও নালা খননের কাজ চলমান থাকায় অনেক সময় পাইপ ক্ষতিগ্রস্ত হয় এবং তখন সাময়িকভাবে পানিতে ময়লা মিশতে পারে।

ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক এম. খাদেমুল ইসলাম বলেন, ঢাকা ও চট্টগ্রামের তুলনায় খুলনায় পানির দাম এখনও অনেক কম। সেই তুলনায় সামগ্রিক ব্যয় বিবেচনায় এই মূল্য বৃদ্ধি যৌক্তিক।

উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) ঝুমুর বালা বলেন, আইন অনুযায়ী বোর্ড অনুমোদন সাপেক্ষে প্রতি বছর সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর সুযোগ রয়েছে এবং সেই নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২ মার্চ খুলনা সিটি করপোরেশনের পানি সরবরাহ ব্যবস্থার কিছু অংশ নিয়ে খুলনা ওয়াসা প্রতিষ্ঠিত হয় এবং ২০০৯ সাল থেকে কার্যক্রম শুরু করে। ২০১১ সালের পর থেকে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়।

বর্তমানে খুলনা নগরে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। দৈনিক পানির চাহিদা প্রায় ২৪ কোটি লিটার হলেও ওয়াসা সরবরাহ করতে পারছে মাত্র প্রায় ৭ কোটি লিটার। গরম মৌসুমে এর একটি অংশ লবণাক্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, ফলে পানির সংকট আরও তীব্র হয়।

সিটি করপোরেশন থেকে ওয়াসা দায়িত্ব নেওয়ার সময় নগরে মাত্র ১২ শতাংশ মানুষ পানির সুবিধা পেত। বর্তমানে এটি বেড়ে ৭২ শতাংশে পৌঁছেছে এবং প্রায় ৪৫ হাজার ২০০ বাড়িতে ওয়াসার সংযোগ রয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন