২১ দিন পর চালু ইস্টার্ন রিফাইনারি, স্বস্তি ফিরছে জ্বালানি খাতে
শুক্রবার, ৮ মে, ২০২৬ ৩:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ ২১ দিন উৎপাদন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি। শুক্রবার (৮ মে) সকাল থেকে চট্টগ্রামে অবস্থিত এই শোধনাগারটিতে পূর্ণমাত্রায় তেল পরিশোধন কার্যক্রম শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অপরিশোধিত তেল আমদানিতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে শোধনাগারটির কার্যক্রম ব্যাহত হচ্ছিল। নতুন ক্রুড অয়েলের চালান দেশে পৌঁছানোর পর পরিস্থিতির উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রিফাইনারি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) বিকেল থেকেই যান্ত্রিক কার্যক্রম পুনরায় শুরু হয়। নিরাপত্তা ও কারিগরি সমন্বয়ের কারণে শুরুতে সীমিত পরিসরে উৎপাদন চালানো হলেও শুক্রবার সকাল থেকে পূর্ণোদ্যমে উৎপাদনে ফেরে প্রতিষ্ঠানটি।
ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান জানান, বর্তমানে প্রতিদিন প্রায় সাড়ে ৩ হাজার টন তেল উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রাথমিক কিছু কারিগরি সমন্বয়ের কারণে উৎপাদনের গতি কিছুটা নিয়ন্ত্রিত রাখা হয়েছে। তবে ধীরে ধীরে উৎপাদন সক্ষমতা আরও বাড়ানো হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌদি আরব থেকে প্রায় ১ লাখ ৯৪ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজ কক্সবাজারের কুতুবদিয়া বহির্নোঙরে পৌঁছেছে। জাহাজ থেকে পাইপলাইনের মাধ্যমে তেল খালাস করে শোধনাগারের ইউনিটগুলোতে পাঠানো হচ্ছে।
ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, বড় ধরনের একটি চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা গেছে। এখন লক্ষ্য হলো সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম চালিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।
মার্চ ও এপ্রিলজুড়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক শিপিং রুটে জটিলতা তৈরি হয়। এর ফলে নির্ধারিত সময়ে অপরিশোধিত তেলের জাহাজ বাংলাদেশে পৌঁছাতে পারেনি। এতে রিফাইনারির মজুত দ্রুত কমে গিয়ে একপর্যায়ে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
তবে বর্তমানে মজুত থাকা ক্রুড অয়েল দিয়ে আগামী ২০ থেকে ২৫ দিন কার্যক্রম চালানো সম্ভব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সংকট এড়াতে নতুন চালান আনার প্রস্তুতিও নেওয়া হয়েছে। আগামী ২০ মে’র পর আরও একটি বড় চালান দেশে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ইস্টার্ন রিফাইনারি সচল হওয়ায় সরকারকে উচ্চমূল্যে পরিশোধিত জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে। পাশাপাশি ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহও স্থিতিশীল থাকবে, যা কৃষি ও শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১২৬ বার পড়া হয়েছে